অনলাইন ডেস্ক: দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান ঘটাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে শান্তি আলোচনার সূত্রপাত হয়েছে। ওয়াশিংটনের দেওয়া একটি শান্তি প্রস্তাব বর্তমানে তেহরান পর্যালোচনা করে দেখছে। বুধবার (৬ মে ২০২৬) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গত ২৪ ঘণ্টার আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা প্রবল।
সমঝোতা স্মারক অনুযায়ী দুই দেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে যুদ্ধের অবসান ঘটবে। পরবর্তী ৩০ দিন উভয় পক্ষ বিস্তারিত আলোচনা করবে, যার মূল বিষয়বস্তু হবে ইরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির পারমাণবিক কর্মসূচিতে বিধিনিষেধ আরোপ। তবে ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আলোচনা সফল না হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক হামলা শুরু করতে পারে।
মার্কিন এই নতুন প্রস্তাব নিয়ে ইরানি কর্মকর্তারা বেশ সতর্ক প্রতিক্রিয়া দেখিয়েছেন। দেশটির এক আইনপ্রণেতা এই প্রস্তাবকে 'বাস্তবসম্মত আলোচনার চেয়ে আমেরিকার ইচ্ছাপত্র' বলে অভিহিত করেছেন। ইরান আগে একটি ১৪-দফা প্রস্তাব দিয়েছিল, বর্তমান মার্কিন প্রস্তাবের সাথে তার সামঞ্জস্য কতটুকু তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।
চুক্তির সম্ভাবনার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত কমতে শুরু করেছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। মার্কিন পক্ষে এই আলোচনার নেতৃত্ব দিচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। উভয় পক্ষ প্রাথমিক কাঠামোতে একমত হলে খুব দ্রুতই আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
জান্নাত/সকালবেলা