হামে শতশত শিশু মারা গেলেও ড. ইউনূসের নীরবতায় প্রশ্ন

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ
হামে শতশত শিশু মারা গেলেও ড. ইউনূসের নীরবতায় প্রশ্ন

অনলাইন ডেস্ক: দেশে হামের প্রাদুর্ভাবে বিপুলসংখ্যক শিশুর প্রাণহানির ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নীরবতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে একটি পোস্ট দিয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে ২০২৬) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সৈয়দ ইশতিয়াক রেজা লেখেন:

"মার্কিন টিভি চ্যানেল সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যুতে ফেসবুকে বিশাল শোক বার্তা লিখেছেন ড. ইউনুস। নিজের দেশে শত শত শিশু মারা গেল হাম রোগে, কিন্তু তিনি চুপটি করে আছেন!"

উল্লেখ্য যে, বর্তমানে দেশের ৬৪টি জেলার মধ্যে ৫৮টি জেলায় হামের ভয়াবহ প্রকোপ দেখা দিয়েছে। বিভিন্ন ছাত্রসংগঠন ও নাগরিক সমাজের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, এখন পর্যন্ত অন্তত তিন শতাধিক শিশু এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

আন্দোলনকারীরা অভিযোগ করেছেন যে, অন্তর্বর্তী সরকারের সময়কালে স্বাস্থ্য খাতের এই চরম বিপর্যয় মোকাবিলায় ড. ইউনূস এবং তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন। দেশের এই ভয়াবহ মানবিক সংকটের সময় বিদেশের কোনো ব্যক্তিত্বের মৃত্যুতে শোক প্রকাশ করলেও নিজের দেশের শিশুদের মৃত্যু নিয়ে তাঁর কোনো বক্তব্য না থাকায় জনমনে অসন্তোষ তৈরি হয়েছে।

এর আগে বুধবার (৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বিক্ষোভ সমাবেশ থেকে বিপ্লবী ছাত্র মৈত্রীসহ বিভিন্ন সংগঠন হামে শিশু মৃত্যুর দায়ে ড. মুহাম্মদ ইউনূসের বিচারের দাবি জানিয়েছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন