যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব এখনো বিবেচনাধীন, বলছে ইরান

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ণ
যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব এখনো বিবেচনাধীন, বলছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের সংঘাত নিরসনে ওয়াশিংটনের দেওয়া ১৪ দফার একটি প্রস্তাব বর্তমানে তেহরানের বিবেচনাধীন রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার ইতিবাচক অগ্রগতির দাবি করলেও ইরান জানিয়েছে, প্রস্তাবটি নিয়ে তারা এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসিস-এর প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানায়, হোয়াইট হাউস একটি এক পৃষ্ঠার খসড়া প্রস্তাব তৈরি করেছে যা ভবিষ্যতের পারমাণবিক আলোচনার ভিত্তি হতে পারে। এই প্রস্তাবের উল্লেখযোগ্য শর্তগুলো হলো:

  • ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা।

  • ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করা।

  • হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচল নির্বিঘ্ন ও স্বাভাবিক রাখা।

ইরানি পার্লামেন্টের কোনো কোনো সদস্য এই প্রস্তাবকে যুক্তরাষ্ট্রের নিছক "ইচ্ছা তালিকা" বলে অভিহিত করলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, তারা বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন। এই আলোচনায় পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। ইসমাইল বাঘাই জানান, পাকিস্তানি প্রতিনিধিদের মাধ্যমেই যুক্তরাষ্ট্রকে নিজেদের মতামত জানাবে তেহরান।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তার দেশ এই যুদ্ধবিরতি প্রচেষ্টাকে একটি স্থায়ী শান্তিতে রূপ দিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই ১৪ দফার সমঝোতা স্মারকটি যদি শেষ পর্যন্ত কার্যকর হয়, তবে তা মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা কমানোর পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বৈশ্বিক অচলাবস্থা নিরসনে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন