জয়পুরহাটে এনসিপির উঠান বৈঠক অনুষ্ঠিত

আমিরুল ইসলাম
প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ণ
জয়পুরহাটে এনসিপির উঠান বৈঠক অনুষ্ঠিত

গোলাম রব্বানী, জয়পুরহাট: তৃণমূল পর্যায়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় জনসম্পৃক্ততা জোরদারের লক্ষ্যে জয়পুরহাটে একটি ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৬ মে) বিকেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে জেলার তেঘর এলাকায় এই বৈঠকের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিপি জয়পুরহাট জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু বলেন, একটি উন্নত ও সমতাভিত্তিক সমাজ গঠনে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের ক্ষেত্রে সবার অধিকার নিশ্চিত করা অপরিহার্য। তিনি আরও বলেন, পরিবার ও সমাজে পারস্পরিক সম্মানবোধ বৃদ্ধি এবং সব ধরনের সহিংসতা প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা এখন সময়ের দাবি। সর্বস্তরের মানুষের ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র শক্তি জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক সৈয়দ আহমদুল্লাহ শাকিল, ওয়ারিয়র্স অব জুলাই জেলা শাখার আহ্বায়ক রাকিবুল হাসান রকি এবং এনসিপি জেলা কমিটির সদস্য মুকুল হোসেন ও শাহনাজ পারভীন। এ সময় জুলাই অভ্যুত্থানে শহীদ মেহেদির পরিবারের সদস্যসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন