গুলিতে রোহিঙ্গা হালিম গ্রুপের প্রধান নিহত

আমিরুল ইসলাম
প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ণ
গুলিতে রোহিঙ্গা হালিম গ্রুপের প্রধান নিহত

ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন কথিত সন্ত্রাসী সংগঠন ‘হালিম গ্রুপ’-এর প্রধান আব্দুল হালিম। 

মঙ্গলবার (৫ এপ্রিল) রাত আনুমানিক পৌনে ৮টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ৮/ইস্ট ব্লকের লাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্যাম্পের ভেতরে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে সশস্ত্র গ্রুপগুলোর মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এরই জেরে প্রতিপক্ষের একদল সশস্ত্র সন্ত্রাসী আব্দুল হালিমকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন হালিম এবং চিকিৎসার জন্য নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক সিরাজ আমিন জানান, অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। হত্যাকাণ্ডের পর ক্যাম্প এলাকায় আতঙ্ক বিরাজ করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত টহল জোরদার করেছে। উখিয়ার বিভিন্ন ক্যাম্পে প্রায়ই সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যে এমন সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা স্থানীয় নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন