সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া শহরকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পৌর প্রশাসকের সাথে ১২টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) সকাল ১০টায় পৌরসভা কার্যালয়ে প্রশাসকের অফিস কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সম্প্রতি জাতীয় দৈনিক 'সকালবেলা' পত্রিকায় নাগরিক সমস্যা নিয়ে সংবাদ প্রকাশের পর এই তৎপরতা শুরু হয়।
পৌর প্রশাসক শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় শহরের প্রধান সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার প্রধান বিষয়গুলোর মধ্যে ছিল: শহরের বর্জ্য অপসারণ ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা। তীব্র যানজট নিরসন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন। প্রকৃত স্থানীয় ড্রাইভারদের মাঝে লাইসেন্স বিতরণ করা।
সভায় ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান পুষ্প ছয়বাড়িয়াস্থ ময়লার ভাগাড়ের কারণে পথচারীদের ভোগান্তির কথা উল্লেখ করে সেখানে দ্রুত বাউন্ডারি ওয়াল নির্মাণের অনুরোধ জানান। এছাড়া ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উজ্জ্বল আহমেদ এবং ১১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলমাস উদ্দিন হেলাল যানজট নিরসনে জোরালো বক্তব্য রাখেন।
পৌর প্রশাসক শরিফুল ইসলাম নেতৃবৃন্দের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়ে বলেন, পৌর কর্তৃপক্ষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ সমন্বিতভাবে কাজ করলে একটি আধুনিক শহর গড়ে তোলা সম্ভব। তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন যেন মাঠ পর্যায়ের কাজে স্থানীয় নেতৃবৃন্দের সাথে সমন্বয় বজায় রাখা হয়। ১২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় ১২টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
এ.আই.এল/সকালবেলা