আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরাইলের এক ভয়াবহ বিমান হামলায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অভিজাত বাহিনী 'রাদওয়ান ফোর্স'-এর এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। বুধবার (৬ মে ২০২৬) এই হামলার ঘটনা ঘটে। সশস্ত্র গোষ্ঠীটির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
নিহত ব্যক্তির নাম মালেক বাল্লুত। তিনি রাদওয়ান ফোর্সের অপারেশনস কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, রাদওয়ান ফোর্সের নেতারা যখন একটি অ্যাপার্টমেন্টে গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন, ঠিক সেই মুহূর্তে ইসরাইলি ক্ষেপণাস্ত্র সেখানে আঘাত হানে।
গত এপ্রিল মাসে লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বৈরুতে এটিই প্রথম বড় ধরনের ইসরাইলি হামলা। এই হামলার মাধ্যমে যুদ্ধবিরতি পরিস্থিতির চরম অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ স্বয়ং এই হামলার নির্দেশ দিয়েছেন। তাদের দাবি, হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ এই কমান্ডারকে লক্ষ্য করেই নিখুঁতভাবে এই অপারেশন পরিচালনা করা হয়েছে।
অন্যদিকে, এই হত্যাকাণ্ডের পর দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর ওপর হিজবুল্লাহর পাল্টা হামলার তীব্রতা বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়তে পারে।
জান্নাত/সকালবেলা