জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন রুটে যাতায়াতকারী বাসে নবীন শিক্ষার্থীদের হেনস্তা বা র্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৩ মে থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার প্রেক্ষাপটে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাসে যাতায়াতের সময় নবীন শিক্ষার্থীদের ওপর সিনিয়র বা তথাকথিত ‘বাস কমিটি’র পক্ষ থেকে কোনো ধরনের প্রভাব খাটানো বা হেনস্তা করা হলে তা সরাসরি ‘র্যাগিং’ হিসেবে গণ্য হবে। এটি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থি এবং একটি সম্পূর্ণ শাস্তিযোগ্য অপরাধ।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, র্যাগিং বা এ ধরনের কোনো অপকর্মে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনোভাবেই নবীন শিক্ষার্থীদের হয়রানি সহ্য করা হবে না।
উল্লেখ্য, প্রতি বছরই নতুন ক্লাস শুরুর সময় বিশ্ববিদ্যালয়ের পরিবহনগুলোতে র্যাগিংয়ের অভিযোগ ওঠে। এবার শুরু থেকেই প্রশাসনের এমন কঠোর অবস্থানে স্বস্তি প্রকাশ করেছেন নবীন শিক্ষার্থী ও অভিভাবকরা।
জান্নাত/সকালবেলা