ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে ফিরছেন মাহমুদউল্লাহ
অনলাইন ডেস্ক:আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট তারকাদের সাড়াজাগানো ও দর্শকনন্দিত টুর্নামেন্ট ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস’ (ডব্লিউসিএল)-এর তৃতীয় মৌসুমে দেখা যাবে নতুন সমীকরণ। আগামী ৩ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত যুক্তরাজ্যের মাটিতে আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টে প্রথমবারের মতো যুক্ত হয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি দল ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’।
আর এই নতুন আসরে নিজ দলের হয়ে ২২ গজে ফিরছেন বাংলাদেশের সাবেক অন্যতম সফল অলরাউন্ডার ও তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ।
আন্তর্জাতিক ক্রিকেটের সাবেক সফল তারকাদের নিয়ে আয়োজিত এই আসরটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আয়োজকদের তথ্যমতে, সাফল্যের সাথে দুটি মৌসুম শেষ হওয়ার পর তৃতীয় মৌসুমে ভক্তদের আরও বেশি তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রথম আসরে পাকিস্তান চ্যাম্পিয়নসকে হারিয়ে ট্রফি তুলে নিয়েছিল ইন্ডিয়া চ্যাম্পিয়নস। অন্যদিকে দ্বিতীয় মৌসুমেও পাকিস্তান চ্যাম্পিয়নসকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় সাউথ আফ্রিকা চ্যাম্পিয়নস।
তৃতীয় মৌসুমে যুবরাজ সিং, এবি ডি ভিলিয়ার্স, ডোয়েন ব্রাভো, শহীদ আফ্রিদি এবং মঈন আলীর পাশাপাশি যুক্ত হচ্ছেন ডেভিড ওয়ার্নার ও মাহমুদউল্লাহর মতো বিশ্বমানের আরও কিছু বড় নাম।
টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হর্ষিত তোমর জানান, যুক্তরাজ্যের মাঠগুলোতে দর্শকদের জন্য এবার থাকছে অভূতপূর্ব নানা আয়োজন ও চমক। ক্রিকেট বিশ্বের সবচেয়ে সফল ও প্রভাব বিস্তারকারী সাবেক তারকাদের এক ছাদের নিচে আনাই তাঁদের মূল উদ্দেশ্য।
এছাড়া টুর্নামেন্টের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা ও বলিউড তারকা অজয় দেবগন এক প্রতিক্রিয়ায় বলেন, "এটি কেবল একটি সাধারণ ক্রিকেট লিগ নয়; এটি আবেগ, স্মৃতিকাতরতা ও বিনোদনের এক চমৎকার মেলবন্ধন। ডব্লিউসিএলের তৃতীয় মৌসুম আমাদের এ যাবৎকালের সবচেয়ে বড় ও আলোড়ন সৃষ্টিকারী আয়োজন হতে যাচ্ছে।"
গত মৌসুমে বিশ্বজুড়ে ৪২৫ মিলিয়নেরও বেশি দর্শক এই টুর্নামেন্ট উপভোগ করেছেন। ক্রিকেটের স্বর্ণযুগকে পুনরায় উজ্জীবিত করা এবং উদযাপনের লক্ষ্য নিয়ে নতুন উদ্যমে শুরু হতে যাচ্ছে ডব্লিউসিএলের তৃতীয় মৌসুম।
|