মিরপুরে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
কাঞ্চন কুমার, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলার আসামি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশিক আহমেদকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে মিরপুর থানা-পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাতলামারি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ রয়েছে, তিনি মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে অনুসারীদের সংগঠিত করার চেষ্টা করছিলেন। আশিক মিরপুর উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আশিকের বিরুদ্ধে নাশকতা ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অভিযোগে থানায় মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এআইএল/সকালবেলা
|