বাউফলে ঋণ দেওয়ার নামে টাকা নিয়ে এনজিও উধাও
জাহিদ শিকদার, বিশেষ প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে ঋণ দেওয়ার কথা বলে স্থানীয় শতাধিক গ্রাহকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে ‘সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা’ নামের একটি ভুয়া এনজিও।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সম্প্রতি বাউফল পৌরসভার মুসলিমপাড়া মোড় এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে দুই বছর মেয়াদি ঋণ দেওয়ার লোভ দেখিয়ে আমানত ও সঞ্চয় সংগ্রহ শুরু করে প্রতিষ্ঠানটি। রোববার (১৬ আগস্ট) দুপুরে আনুষ্ঠানিকভাবে ঋণ বিতরণের কথা বলে গ্রাহকদের অফিসে আসতে বলা হয়। কিন্তু গ্রাহকেরা এসে দেখেন অফিস ফাঁকা, কর্মকর্তাদের মোবাইল বন্ধ এবং ডেকোরেটরের চেয়ার-টেবিল রেখেই তারা চম্পট দিয়েছে।
ভুক্তভোগীরা জানান, ঋণের পরিমাণভেদে গ্রাহকদের কাছ থেকে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত সঞ্চয় ও বীমা বাবদ আদায় করা হয়েছিল। রিকশাচালক ও নিম্নআয়ের মানুষ সহজ শর্তে ঋণ পাওয়ার আশায় এই টাকা জমা দিয়ে প্রতারণার শিকার হয়েছেন।
বাসা মালিকের পরিবার জানান, চুক্তিপত্র সই ও অগ্রিম টাকা দেওয়ার কথা থাকলেও তার আগেই কথিত ওই এনজিওর প্রতিনিধিরা পালিয়ে যায়। ফলে তাদের কোনো স্থায়ী ঠিকানা বা কাগজপত্র পাওয়া যায়নি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এআইএল/সকালবেলা
|