শ্রীপুরে গহীন জঙ্গলে ১২ ঘোড়ার দেহাবশেষ উদ্ধার

প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ণ
শ্রীপুরে গহীন জঙ্গলে ১২ ঘোড়ার দেহাবশেষ উদ্ধার

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে গহীন গজারি বন থেকে ১২টি ঘোড়ার মাথা, চামড়া, পা, নাড়িভুঁড়ি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে। রাতের আঁধারে নির্জন এলাকায় ঘোড়াগুলো জবাই করে মাংস নিয়ে গেছে বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।

সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের কাদিম রাজিয়ারন গ্রামের উত্তর প্রান্তে মুদিপাড়া এলাকার গহীন জঙ্গলে এসব দেহাবশেষ দেখতে পান স্থানীয় কৃষকরা। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য সুমন প্রধান জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১২টি ঘোড়ার কাটা মাথাসহ রক্ত ও বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। স্থানীয়দের ধারণা, নির্জনতার সুযোগ নিয়ে মাংস বিক্রির উদ্দেশ্যেই ঘোড়াগুলো সেখানে এনে জবাই করা হয়েছে।

শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফ হোসেন জানান, ঘটনাস্থলে পাওয়া অবশিষ্টাংশ দেখে মোট ১২টি ঘোড়ার দেহাবশেষ নিশ্চিত হওয়া গেছে। প্রয়োজনীয় আলামত সংগ্রহের পর এগুলো মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘোড়াগুলো কোথা থেকে আনা হয়েছে এবং কারা এই ঘটনায় জড়িত তা বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন