দ্য হান্ড্রেডে চ্যাম্পিয়ন সঞ্জীব গোয়েঙ্কার ম্যানচেস্টার সুপার জায়ান্টস
ক্রীড়া ডেস্ক: ২০১৬ সালে আইপিএলের বিলুপ্ত ফ্র্যাঞ্চাইজি রাইজিং পুনে সুপার জায়ান্টস কেনার মাধ্যমে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিনিয়োগ শুরু করেছিলেন ভারতীয় ধনকুবের ও শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। তবে গত এক দশকে আইপিএল কিংবা দক্ষিণ আফ্রিকার এসএ২০—কোনো টুর্নামেন্টেই শিরোপার মুখ দেখেননি তিনি। অবশেষে ইংল্যান্ডের জনপ্রিয় ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর মাধ্যমে তাঁর সেই দীর্ঘ প্রতীক্ষিত ট্রফির খরা কাটল।
লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত দ্য হান্ড্রেডের ষষ্ঠ আসরের শ্বাসরুদ্ধকর ফাইনালে ট্রেন্ট রকেটসকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে গোয়েঙ্কার দল ম্যানচেস্টার সুপার জায়ান্টস।
ফাইনালে জয়সূচক ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ম্যানচেস্টারকে দুর্দান্ত সূচনা এনে দেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার টিম সাইফার্ট। তিনি মাত্র ৩৮ বলে ৭২ রানের এক ঝোড়ো ইনিংস উপহার দেন। উদ্বোধনী জুটিতে সাইফার্ট ও পল ওয়াল্টার মাত্র ৩১ বলে তুলে নেন ৬৬ রান। পরবর্তীতে অধিনায়ক জস বাটলার ১৪ বলে ২৩ রান করে জয় সহজ করেন। শেষ দিকে সামান্য নাটকীয়তার সৃষ্টি হলেও ২ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে ম্যানচেস্টার।
উল্লেখ্য, আগের আসরগুলোতে ‘ম্যানচেস্টার অরিজিনালস’ নামে খেলা দলটি ২০২২ ও ২০২৩ মৌসুমে রানার্সআপ হয়েছিল। গত বছর সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি (RPSG) গ্রুপ ৮ কোটি পাউন্ড (প্রায় ১২৬০ কোটি টাকা) ব্যয়ে ফ্র্যাঞ্চাইজির ৭০ শতাংশ মালিকানা কিনে নেয় এবং দলের নাম পরিবর্তন করে ম্যানচেস্টার সুপার জায়ান্টস রাখে। মালিকানা বদলের পর প্রথম পূর্ণাঙ্গ মৌসুমেই শিরোপা জয়ের গৌরব অর্জন করল দলটি।
|