বর্ণিল আয়োজনে বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ণ
বর্ণিল আয়োজনে বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

বিশেষ প্রতিনিধি: নানান কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৬৬তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের 'প্রতিষ্ঠা দিবস-২০২৬ উদযাপন কমিটি'র আয়োজনে ক্যাম্পাসে দিনব্যাপী নানা বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দিবসটির সূচনায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসনিক ভবন ও আবাসিক হলগুলোতে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় প্রশাসনিক ভবন সংলগ্ন চত্বর থেকে আনন্দ র‍্যালির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হেলিপ্যাডে গিয়ে শেষ হয়।

হেলিপ্যাডে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, কবুতর অবমুক্তকরণ এবং বেলুন উড়িয়ে উদযাপনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ১৯৬১ সালের এই দিনে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় অসামান্য অবদান রেখে আন্তর্জাতিক অঙ্গনে প্রসাদ লাভ করেছে। বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে তিনি শিক্ষক- শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় আরও বেশি মনোনিবেশ করার আহ্বান জানান।

কর্মসূচির অংশ হিসেবে পরবর্তীতে ভাইস-চ্যান্সেলরের বাসভবন সংলগ্ন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়া ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: ৬৫ বছরের গৌরবোজ্জ্বল পথচলা’ শীর্ষক একটি ডকুমেন্টারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

দুপুরে কেন্দ্রীয় মসজিদ ও উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনা, আবাসিক হলগুলোতে বৃক্ষরোপণ এবং বিকেলে সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে আলোচনা সভার আয়োজন করা হয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন