দুর্নীতির দায়ে রাবি শিক্ষক সুজন সেনকে অব্যাহতি

প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ণ
দুর্নীতির দায়ে রাবি শিক্ষক সুজন সেনকে অব্যাহতি

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক সুজন সেনকে পাঁচ বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে তাঁকে পদাবনতি দিয়ে সহকারী অধ্যাপক করা হয়েছে এবং পাঁচ বছরের জন্য তাঁর সব ধরনের ইনক্রিমেন্ট স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ৫৪৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে সোমবার (১৭ আগস্ট) নিশ্চিত করেছেন রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ।

রেজিস্ট্রার জানান, শাস্তির মেয়াদ অনুযায়ী আগামী পাঁচ বছর পর সুজন সেন সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করতে পারবেন। এর আরও চার বছর পর তিনি পুনরায় সহযোগী অধ্যাপক পদের জন্য আবেদন করার সুযোগ পাবেন। ফলে পদোন্নতির দৌড়ে তিনি মোট নয় বছর পিছিয়ে পড়লেন।

উল্লেখ্য, গত বছরের ২৫ আগস্ট সুজন সেনের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তাঁকে বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালীন আর্থিক অনিয়মসহ নানা দুর্নীতির লিখিত অভিযোগ উপাচার্য ও সংশ্লিষ্টদের কাছে দাখিল করা হয়। তদন্ত কমিটির পর্যালোচনার ভিত্তিতেই সিন্ডিকেট এই শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন