সন্তান রেখে হিন্দু ধর্ম গ্রহণ, স্বামীর বিরুদ্ধে মুসলিম স্ত্রীর মামলা

প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ণ
সন্তান রেখে হিন্দু ধর্ম গ্রহণ, স্বামীর বিরুদ্ধে মুসলিম স্ত্রীর মামলা

বিশেষ প্রতিনিধি: বিয়ে করার উদ্দেশ্যে নাম ও ধর্ম পরিবর্তন করে আট বছর সংসার করার পর দুই সন্তানকে রেখে পুনরায় নিজ ধর্মে ফিরে গিয়ে অন্য তরুণীকে বিয়ের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় নেত্রকোনার মোহনগঞ্জে সন্তানদের পিতৃ পরিচয় ও ভবিষ্যৎ নিয়ে চরম বিপাকে পড়েছেন ভুক্তভোগী প্রথম স্ত্রী।

এ ঘটনায় প্রতারণার অভিযোগ এনে নেত্রকোনা সদর আমলি আদালতে মামলা দায়ের করেছেন প্রথম স্ত্রী শিপুল আক্তার খানম (২৭)। মামলায় অভিযুক্ত যুবক অর্জুন ধর হীরা ওরফে হীরা ধর (৩০) এবং তাঁর মা কৃষ্ণা রানী ঘোষকে (৫৮) আসামি করা হয়েছে।

আদালত আবেদনটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) বাদীপক্ষের আইনজীবী মোশারফ হোসেন শুভ মামলার বিষয়টি নিশ্চিত করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই-এর উপপরিদর্শক (এসআই) মো. জামান আলী জানান, ঘটনার তদন্ত চলছে এবং দ্রুতই আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, খালিয়াজুরী উপজেলার শালদীঘা গ্রামের মৃত জয় কৃষ্ণধরের ছেলে অর্জুন ধর হীরার সঙ্গে প্রেম সম্পর্ক গড়ে ওঠে মোহনগঞ্জ পৌর শহরের শিপুল আক্তারের। ২০১৪ সালে নোটারি পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে 'মো. হীরা মিয়া' নাম ধারণ করেন অর্জুন এবং শিপুলকে বিয়ে করেন। তাঁদের সংসারে একটি কন্যাসন্তান ও একটি ছেলেসন্তান রয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২০২২ সালে দ্বিতীয় সন্তান জন্মের পরপরই মায়ের প্ররোচনায় হীরা পুনরায় হিন্দু ধর্মে ফিরে যান এবং গোপনে এক হিন্দু তরুণীকে বিয়ে করেন। পরবর্তীতে কাবিন রেজিস্ট্রি, সন্তানদের ভরণপোষণ ও অধিকারের বিষয়ে প্রতিবাদ জানালে শিপুলকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করা হয়। লিগ্যাল এইডের মাধ্যমে পূর্বে একটি আপসনামা হলেও অভিযুক্ত পক্ষ তা মেনে চলেনি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত অর্জুন ধর হীরা দাবি করেন, তিনি অনেক আগেই প্রথম স্ত্রীকে তালাক দিয়েছেন। তবে ভুক্তভোগী শিপুল আক্তার সন্তানদের ভবিষ্যতের নিরাপত্তা ও প্রতারণার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন