দেশে সারের কোনো সংকট নেই, উদ্বৃত্ত আছে: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ণ
দেশে সারের কোনো সংকট নেই, উদ্বৃত্ত আছে: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কথা বলছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ।

অনলাইন ডেস্ক: দেশে সারের কোনো ধরনের ঘাটতি নেই, বরং চাহিদার চেয়ে বেশি উদ্বৃত্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ। বাজারে সারের যে সংকটের কথা বলা হচ্ছে, তা একটি গোষ্ঠী কর্তৃক পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে তিনি মন্তব্য করেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেন, "যারা কৃত্রিমভাবে সার সংকট তৈরির পাঁতারা বা অশুভ চক্রান্ত করছে, তাদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের ভোগান্তিতে ফেলার কোনো সুযোগ দেওয়া হবে না।"

কৃষি পণ্যের সার্বিক উৎপাদন ও বাজার পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী জানান, সরকারের কার্যকর পদক্ষেপের ফলে এখন পর্যন্ত দেশে কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি। দেশীয় পেঁয়াজের পচন রোধ ও সংরক্ষণ বাড়াতে সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে, যার মাধ্যমে প্রায় তিন লাখ টন পেঁয়াজ নিরাপদে মজুত করা সম্ভব হবে।

এ ছাড়া কাঁচা মরিচের সার্বিক বাজার পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণেই কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। আগামী বছর থেকে যাতে কাঁচা মরিচ আমদানির ওপর নির্ভর করতে না হয়, সেই লক্ষ্যে স্থানীয় উৎপাদন বাড়াতে নীতিগত পরিকল্পনা নেওয়া হচ্ছে। একই সাথে টমেটো ও আদার দর নিয়ন্ত্রণেও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেন মন্ত্রী।