কুমিল্লায় স্ত্রীকে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ণ
কুমিল্লায় স্ত্রীকে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

মোঃ হাবিবুর রহমান মুন্না, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রী তানিয়া বেগমকে বৈদ্যুতিক শক দিয়ে নৃশংসভাবে হত্যার দায়ে স্বামী মোহাম্মদ আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দীন প্রধান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ আজাদ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আজাদ চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের মো. কবির হোসেনের ছেলে। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সন্তোষ প্রকাশ করেন বাদীপক্ষের স্বজনরা।

এজাহার ও আদালত সূত্রে জানা যায়, দাম্পত্য কলহের জেরে ২০২৩ সালের ২৭ জুলাই দিবাগত রাতে মো. আজাদ স্ত্রী তানিয়া বেগমের হাত-পায়ে বৈদ্যুতিক তার জড়িয়ে শক দেন। এতে ঘটনাস্থলেই তিন সন্তানের জননী তানিয়ার মৃত্যু হয়। ঘটনার পর নিহত তানিয়ার মা মায়া বেগম বাদী হয়ে জামাতা মোহাম্মদ আজাদকে একমাত্র আসামি করে চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশের তদন্তে ময়নাতদন্ত প্রতিবেদন, উদ্ধারকৃত আলামত ও সাক্ষীদের বক্তব্য পর্যালোচনা শেষে তানিয়াকে হত্যার বিষয়টি সুনির্দিষ্টভাবে প্রমাণিত হওয়ায় আজাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ আদালত আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে বাদীপক্ষের আইনজীবী মো. এনামুল হক সরকার জানান, মামলার বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং তাঁরা দ্রুত এই রায় কার্যকরের জোর দাবি জানাচ্ছেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন