সোনারগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আদালতের দুটি পরোয়ানাভুক্ত এবং পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আরিফকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আরিফ সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের আশারিয়ারচর গ্রামের স্বপনের ছেলে। তিনি মুন্সিগঞ্জের গজারিয়া থানার একটি মামলায় [১৩(৮)১৭] পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এবং সোনারগাঁওয়ের সিআর ৯৩৩/২২ নম্বর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। সাজা এড়াতে তিনি নিজ এলাকা ছেড়ে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশি নজরদারির পর মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
সোনারগাঁও থানা-পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
এআইএল/সকালবেলা
|