রংপুরে প্রবাসীর বাড়িতে ভয়াবহ ডাকাতি, গ্রেফতার ১

প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ণ
রংপুরে প্রবাসীর বাড়িতে ভয়াবহ ডাকাতি, গ্রেফতার ১

আবু রায়হান, রংপুর ব্যুরো: রংপুরের পীরগাছায় দুই আমেরিকা প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সাবল দিয়ে আলমারি ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ অন্তত ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনার পর অভিযান চালিয়ে স্থানীয় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) রাত ৮টা থেকে ৯টার মধ্যে পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের পূর্ব পাড়া গ্রামে আমেরিকা প্রবাসী ফজলে এলাহী রিপন ও ফজলে রাব্বী রাসেলের বাসায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই দুই প্রবাসী ভাই সম্প্রতি আমেরিকা থেকে দেশে আসেন এবং আগামী শুক্রবার (২১ আগস্ট) তাদের ফেরত ফ্লাইট ছিল। কাজের সুবাদে তাদের পরিবার রংপুর শহরে অবস্থান করার সুযোগে দুষ্কৃতকারীরা দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। তারা আলমারি ভেঙে গহনা ও নগদ টাকা লুট করে এবং আসবাবপত্র তছনছ করে পালিয়ে যায়। পরে চিৎকার ও চেঁচামেচিতে প্রতিবেশীরা এসে ভেতরের ছিটকিনি খুলে ঘরে প্রবেশ করে পুলিশে খবর দেয়।

আমেরিকা প্রবাসী ফজলে রাব্বী রাসেল বলেন, "কষ্টার্জিত অর্থ দেশে পাঠাই, অথচ আমাদের নিজেদের ঘরই নিরাপদ নয়। খোয়া যাওয়া গয়না উদ্ধারসহ আমরা এই ঘটনার দ্রুত দৃষ্টান্তমূলক বিচার চাই।"

ঘটনার খবর পেয়ে রাতেই পীরগাছা থানার ওসি সেলিম মালিকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রংপুর পুলিশ সুপার এবং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পীরগাছা থানার ওসি সেলিম মালিক জানান, প্রবাসীদের বাড়িতে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রবাসীদের চাচার লিখিত আবেদনের প্রেক্ষিতে রাতেই একটি মামলা দায়ের করা হয়েছে এবং মনু মিয়া নামের এক স্থানীয় বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। লুট হওয়া মালামাল উদ্ধার ও জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন