শিবির সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
ইব্রাহিম ফরাজি, বিশেষ প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি তরিকুল ইসলাম ফাহিম ওরফে কালুর বিরুদ্ধে এক ব্যক্তির জমি থেকে গাছ কেটে নেওয়া ও জমি দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জমির মালিক মঞ্জুরুল আলমের দাবি, কেটে নেওয়া ৬ থেকে ৭টি মেহগনি, চাম্বল ও রেইনট্রি গাছের আনুমানিক মূল্য প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা।
সম্প্রতি উপজেলার কালাইয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শৌলা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, কর্মসূত্রে মঞ্জুরুল আলম চট্টগ্রামে অবস্থান করার সুযোগে অভিযুক্ত তরিকুল ইসলাম ফাহিম লোকজন নিয়ে তাঁর জমি থেকে গাছগুলো কেটে নিয়ে যান। শুধু গাছ কাটাই নয়, এর আগেও চারা গাছ কেটে ফেলা এবং তাঁর জমি দখল করে ধান চাষ করার অভিযোগও করেন ওই ভুক্তভোগী।
তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করে তরিকুল ইসলাম ফাহিম জানান, তাঁরা নিজস্ব জমির গাছ কেটেছেন এবং নিজেদের জমিতেই চাষাবাদ করেছেন।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
|