দশানী-গিলাতলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন

প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ণ
দশানী-গিলাতলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন

মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: দীর্ঘদিন বন্ধ থাকার পর বাগেরহাটের দশানী-রামপাল-মোংলা জেলা মহাসড়কের দশানী থেকে গিলাতলা অংশের পুনর্নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে বাগেরহাট শহরের দশানী এলাকায় সড়কটির নামফলক উন্মোচন করে কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলিম, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, ২০২১ সালে বাগেরহাট থেকে মোংলা পর্যন্ত ৩৪ কিলোমিটার সড়কের কাজ শুরু হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে দশানী থেকে গিলাতলা পর্যন্ত ১০ কিলোমিটার অংশ আটকে থাকে। পরবর্তীতে আগের কার্যাদেশ বাতিল করে ‘মাফুজ খান লিমিটেড’ নামের নতুন ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৭২ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে দায়িত্ব দেওয়া হয়।

কর্মকর্তারা জানান, ২০২৭ সালের জুনের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন হলে বাগেরহাট, রামপাল ও মোংলার মধ্যে সড়ক যোগাযোগ আরও উন্নত ও নিরাপদ হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন