ভৈরবে যানজট ও হকারমুক্ত সড়ক গঠনে কাজ করবে জেলা পরিষদ: প্রশাসক

প্রকাশ: মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ণ
ভৈরবে যানজট ও হকারমুক্ত সড়ক গঠনে কাজ করবে জেলা পরিষদ: প্রশাসক

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের বাণিজ্যিক শহর ভৈরবের সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের সেবার মানোন্নয়ন এবং জেলা পরিষদের মালিকানাধীন স্থাবর সম্পদ ব্যবস্থাপনাকে গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এক নিবিড় পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) কিশোরগঞ্জ জেলা পরিষদের সম্মানিত প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ মোস্তারী কাদেরী ভৈরব উপজেলার বিভিন্ন বিপণিবিতান (মার্কেট) ও চ্যারিটেবল ডিসপেনসারি সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ভৈরব উপজেলার স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা পরিষদের পদস্থ কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় ভৈরবের সার্বিক উন্নয়ন মূলক কর্মকাণ্ড, এলাকাকে মাদক মুক্ত করা, সাধারণ মানুষের প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সর্বস্তরের জনদুর্ভোগ লাঘবের নানা দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়।

এর পাশাপাশি ভৈরব শহরের প্রধান প্রধান রাস্তাঘাট যানজটমুক্ত ও অবৈধ হকারমুক্ত রাখা, স্থানীয় ব্যবসায়ীদের স্বাভাবিক ব্যবসা সম্প্রসারণে প্রয়োজনীয় সহায়তার হাত বাড়ানো এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের সুযোগ-সুবিধা ও প্রত্যাশার কথা সরাসরি শোনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, জেলা পরিষদের সম্পদসমূহের সর্বোচ্চ সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি অসহায় ও দুস্থদের চিকিৎসা প্রদানে চ্যারিটেবল ডিসপেনসারিগুলোর সেবামূলক কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করা হবে। জনগণের কল্যাণসাধন এবং একটি নিরাপদ, সুন্দর ও জনবান্ধব ভৈরব গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের তদারকি ও উন্নয়নমূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন তাঁরা।

এআইএল/সকালবেলা