অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ণ
অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

নাজমুল হাসান (মাদারীপুর): “সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে সরকার নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দিচ্ছে না। অতীতে ফ্যাসিস্ট সরকারের আমলে যত্রতত্র যেসব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে, অনিয়ম পেলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার বেশ কয়েকটি প্রাইভেট ক্লিনিক আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি আরও বলেন, “একটানে এই খাত পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নেতৃত্বে নিয়মিত পরিদর্শনের মাধ্যমে অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে এবং পর্যায়ক্রমে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এর আগে এদিন সকাল সাড়ে আটটার দিকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হঠাৎ পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং রোগীদের সুযোগ-সুবিধার বর্তমান অবস্থা নিজ চোখে দেখতেই তার এই অঘোষিত সফর।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং সরাসরি ভর্তি হওয়া রোগীদের বিছানায় গিয়ে তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলেন তিনি।

হাসপাতালের চিকিৎসক সংকট, ওষুধের প্রাপ্যতা এবং সার্বিক সমস্যা ও সম্ভাবনার কথা শুনে মন্ত্রী সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। বিশেষ করে সরকারি নিয়ম মেনে নির্ধারিত সময়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে কঠোর বার্তা দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের প্রধান লক্ষ্য। তাই সরকারি হাসপাতালের চিকিৎসাসেবা কোনোভাবেই ব্যাহত হলে তা বরদাশত করা হবে না।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাশুকুর রহমান, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাশ, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এআইএল/সকালবেলা