মাদকের বিরুদ্ধে এমপি জসিমের কঠোর হুংকার

প্রকাশ: মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ণ
মাদকের বিরুদ্ধে এমপি জসিমের কঠোর হুংকার

সাইফুল ইসলাম ফাহাদ (দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া প্রতিনিধি): মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী মো. জসিম উদ্দিন বলেছেন, “হয় মাদক থাকবে, নয়তো আমি থাকব।” ব্রাহ্মণপাড়া ও বুড়িচং এলাকায় মাদকের বিস্তার রোধে তিনি দৃঢ় অবস্থানের কথা জানান।

তিনি বলেন, মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের মাঠমুখী করতে নিয়মিত ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে। যারা তাঁর প্রয়াত সহধর্মিণীর স্মরণে এমন একটি সুন্দর ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন, তাদের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মঙ্গলবার (৩ নভেম্বর) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল বাসুদেব খেলার মাঠে আয়োজিত ‘রুমু স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় সুমন মেম্বার একাদশ বনাম কালিকাপুর একাদশ। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গোলাম কিবরিয়া অপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সহসভাপতি মো. রবিউল্লাহ রবি, শশীদল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, শশীদল ফ্লাওয়ারকিডস চাইল্ড একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. মামুনুর রশিদ, শশীদল ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মো. মাহবুব আলম এবং সদস্য সচিব সৈকত সাগর (ইউনুস)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোরশেদ আলম। সঞ্চালনায় ছিলেন শশীদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মিন্টু।

প্রধান অতিথি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

এআইএল/সকালবেলা