কিশোরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত

প্রকাশ: সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ণ
কিশোরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত

নূর আহাম্মদ পলাশ (কিশোরগঞ্জ প্রতিনিধি): বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে স্থানীয় একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। 

সোমবার (২ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জ বালিকা এতিমখানার পুকুরে এ জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি) সোহেল খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় যুবদলের নেতাকর্মীরা দেশ গড়ার কাজে নিজেদের আত্মনিয়োগ করেছেন।” এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করায় তিনি যুবদলকে ধন্যবাদ জানান এবং ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী দুই মাসব্যাপী যুবদল এ ধরনের নানা কর্মসূচি পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আফতাব উদ্দিন মিলন, কিশোরগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক রবিউল হক খান মিল্কি শ্যামল।

কিশোরগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোশতাক আহমেদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মসূচি শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি এতিমখানাটি পরিদর্শন করেন এবং এতিম শিশুদের পরিবেশিত আবেগঘন গান উপভোগ করেন। এ সময় তিনি শিশুদের কল্যাণে কম্পিউটার ও সেলাই মেশিন প্রদানসহ তাদের বসবাসের জন্য মানসম্মত অবকাঠামো নির্মাণের ঘোষণা দেন।

এআইএল/সকালবেলা