সংবিধান সংস্কার করে জনরায় বাস্তবায়ন করুন: জামায়াত আমির

প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ণ
সংবিধান সংস্কার করে জনরায় বাস্তবায়ন করুন: জামায়াত আমির

পলাশ চন্দ্র বিশ্বাস (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি): দেশব্যাপী ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় অনুষ্ঠিত এক পথসভায় সংবিধান সংস্কার করে জনরায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৩১ অক্টোবর) ঢাকা থেকে খুলনার উদ্দেশে রওয়ানা হওয়া ১১ দলীয় জোটের গাড়িবহর গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় পৌঁছালে সেখানে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি।

বর্তমান সরকারের উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের পর তা ভুলে গিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এই প্রতারণার জন্য একদিন জনআদালতে বিচার হবে। এখনো সময় আছে, কাঙ্ক্ষিত জনরায় বাস্তবায়ন করুন। তা না হলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফা আন্দোলনের দিকে এগিয়ে যেতে বাধ্য হব।

তিনি আরও সতর্ক করে বলেন, ‘৫ আগস্ট কীভাবে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়েছে তা মনে রাখা উচিত। পতিত সরকারের নিকট থেকে শিক্ষা নিয়ে জনগণের ম্যান্ডেট অনুযায়ী সংবিধান সংস্কার না করলে স্বৈরাচারী শাসনের মতোই বিদায় নিতে হবে। লংমার্চের মাধ্যমে জনগণকে একত্রিত করে সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে, ইনশাল্লাহ।’

এদিকে লংমার্চ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও গোপালগঞ্জ জেলা আমির অধ্যাপক এম এম রেজাউল করিম উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পরবর্তীতে পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে লংমার্চের গাড়িবহর গোপালগঞ্জ অতিক্রম করে খুলনার উদ্দেশে রওনা হয়।

এআইএল/সকালবেলা