সোনারগাঁওয়ে ডাকাতসহ ২১ আসামি গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ণ
সোনারগাঁওয়ে ডাকাতসহ ২১ আসামি গ্রেপ্তার

মো. মুক্তার হোসেন (সোনারগাঁও, নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে পরিচালিত বিশেষ ব্লক রেইড অভিযানে দুর্ধর্ষ ডাকাত ও ইয়াবা কারবারি সহ ২১ জন আসামিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে একাধিক চৌকস টিম একযোগে এই চিরুনি অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় অপরাধ দমন, মাদক নির্মূল, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধের লক্ষ্যে উপজেলার বিভিন্ন গোপন আস্তানা ও সন্দেহভাজন পয়েন্টে এই হানা দেওয়া হয়।

অভিযানে ১-১ পিস নিষিদ্ধ ইয়াবাসহ মো. সোহেল (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। এছাড়া পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকা থেকে দুর্ধর্ষ ডাকাত মো. জাহিদ সাহান (১৬) এবং পরোয়ানাভুক্ত আসামি মো. আব্দুল (৩৫) ও খন্দকার আবুল কালাম (৪৪)-কে গ্রেপ্তার করা হয়। একই সময় নিয়মিত মামলার ৩ জন এবং বিভিন্ন স্থান থেকে মাদক সেবনের অপরাধে আরও ১৪ জনকে আটক করে পুলিশ।

সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনি কার্যক্রম শেষে পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা