টঙ্গীতে নিজ বাড়িতে ইয়াবা কারখানা, যুবক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার: গাজীপুরের টঙ্গীর পাগার এলাকায় একটি আবাসিক বাড়িতে গড়ে তোলা ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় নাজমুল ইসলাম বাপ্পি (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও কেমিক্যাল বা রাসায়নিক উপাদান।
শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গীর পাগার আলেকটেক এলাকায় এ অভিযান পরিচালনা করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেশ কিছুদিন ধরে নাজমুলের বাড়ির ওপর সজাগ নজরদারি রাখছিল পুলিশ। পরে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে তাঁর নিজ ঘরে থাকা এই মাদক তৈরির কারখানার সন্ধান মেলে। অভিযানের সময় ইয়াবা তৈরির আধুনিক সরঞ্জাম ও নানা ধরনের রাসায়নিক দ্রব্যাদি জব্দ করা হয়।
আটক নাজমুল ইসলাম বাপ্পির দাবি, প্রেমের বিরহে মানসিকভাবে ভেঙে পড়ে ও নিঃস্ব হয়ে তিনি ইয়াবা তৈরির পরিকল্পনা করেন। পরবর্তীতে ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউব ঘেঁটে তথ্য সংগ্রহ করে তিনি নিজ ঘরেই ইয়াবা তৈরি শুরু করেছিলেন।
এলাকাবাসী জানান, গ্রেপ্তার নাজমুল ওই এলাকার বাসিন্দা তাইজুল ইসলামের বড় ছেলে। কয়েক বছর আগে বিদেশ থেকে দেশে ফেরার পর তিনি মাদকাসক্ত হয়ে পড়েন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, বাড়িটিতে তল্লাশি চালিয়ে ইয়াবা তৈরির বিভিন্ন কেমিক্যাল ও যন্ত্রপাতি পাওয়া গেছে। এসবের মাধ্যমে বড় পরিসরে ইয়াবা তৈরি ও সরবরাহের পরিকল্পনা চলছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনানুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এআইএল/সকালবেলা