বগুড়ায় বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ণ
বগুড়ায় বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

ওয়াফিক শিপলু (বগুড়া প্রতিনিধি): বগুড়ার শাজাহানপুরে নিজ বাড়ি থেকে টুলু মিয়া নামের এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামের একটি কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, টুলু মিয়ার স্ত্রী প্রবাসে থাকেন এবং তাঁর দুই মেয়েই বিবাহিত। তিনি বাড়িতে একা বসবাস করলেও গত কয়েক দিন ধরে পেটের ব্যথায় অসুস্থ থাকায় ছোট মেয়ে জুথি আক্তার তাঁর সঙ্গেই ছিলেন।

নিহতের ছোট মেয়ে জুথি আক্তারের ধারণা, অসুস্থতাজনিত মানসিক অবসাদ থেকে তাঁর বাবা নিজেই ধারালো বটি দিয়ে গলায় আঘাত করে থাকতে পারেন। তবে এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি ধারালো বটিও জব্দ করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

এআইএল/সকালবেলা