দিঘীনালার বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত
রুপম চাকমা (দিঘীনালা, খাগড়াছড়ি): খাগড়াছড়ির দিঘীনালার দিব্য রাজ কানন বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দ্বিতীয়বারের মতো কঠিন চীবর দান উদযাপিত হয়েছে।
সোমবার দিনব্যাপী বুদ্ধ পতাকা উত্তোলন, বুদ্ধমূর্তি দান, সংঘদান ও অষ্টপরিষ্কার দানসহ নানা পুণ্য কাজের মাধ্যমে এই উৎসব পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য শান্তিপ্রিয় চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘীনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, দিঘীনালা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরুণ কান্তি চাকমা এবং কবাখালি ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদল বাগান সংঘ রত্ন বৌদ্ধ বিহারের শ্রদ্ধালংকার মহাথের। পরিশেষে ভিক্ষুসংঘের উদ্দেশ্যে কল্পতরু ও মহান কঠিন চীবর দানের মধ্য দিয়ে দিনব্যাপী এই ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটে।
এআইএল/সকালবেলা