ফ্যাসিস্ট আমলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবমূল্যায়নের শিকার: উপাচার্য

প্রকাশ: সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ণ
ফ্যাসিস্ট আমলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবমূল্যায়নের শিকার: উপাচার্য

বিশেষ প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় হওয়ায় ফ্যাসিস্ট আমলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে (জবি) যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। 

সোমবার (২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, ফ্যাসিবাদী শাসনামলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছিল। রাজধানী ঢাকার বুকে অবস্থিত ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠান জাতির প্রতিটি ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও দীর্ঘকাল ধরে বঞ্চনার শিকার হয়ে আসছে এবং এর প্রাপ্তির খাতা প্রায় শূন্য।

তিনি আরও বলেন, বর্তমানে রাষ্ট্রের দায়িত্বে থাকা এবং এই বিশ্ববিদ্যালয় থেকে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন, তাঁদের প্রতি আহ্বান জানাই—শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্দশা ও বঞ্চনাকে প্রাপ্তিতে রূপান্তর করতে দ্রুত কার্যকর ভূমিকা রাখুন।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের সুদৃষ্টি কামনা করে উপাচার্য বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলো স্থায়ীভাবে সমাধানে সংশ্লিষ্টদের ইতিবাচক ও জোরালো উদ্যোগ নেওয়া প্রয়োজন।

এআইএল/সকালবেলা