যশোর বোর্ডে এইচএসসিতে ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ণ
যশোর বোর্ডে এইচএসসিতে ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

বিশেষ প্রতিনিধি: যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে পাশের হারে শীর্ষস্থান ধরে রেখেছে যশোর জেলা, তবে সবচেয়ে পিছিয়ে রয়েছে নড়াইল। এবছর বোর্ডে সার্বিক পাশের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ হলেও শূন্য পাসের লজ্জার মুখে পড়েছে ১৬টি প্রতিষ্ঠান। বিপরীতে শতভাগ পাসের সাফল্য দেখিয়েছে মাত্র তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য নিশ্চিত করেছেন যশোর শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. মো. আব্দুল মতিন।

বোর্ডের তথ্য অনুযায়ী, এবছর ১০ জেলার মধ্যে যশোরে সর্বোচ্চ ৫২ দশমিক ৯৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এছাড়া খুলনায় ৪৬ দশমিক ৬৫ শতাংশ, চুয়াডাঙ্গায় ৪৬ দশমিক ১৩ শতাংশ, কুষ্টিয়ায় ৪৫ দশমিক ৩৮ শতাংশ এবং সাতক্ষীরায় ৪৩ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। অন্যদিকে ঝিনাইদহে ৪১ দশমিক ৯৮ শতাংশ, মেহেরপুরে ৪০ দশমিক ৭৬ শতাংশ, বাগেরহাটে ৩৮ দশমিক ৮৬ শতাংশ, মাগুরায় ৩৭ দশমিক ৩৬ শতাংশ এবং সর্বনিম্ন ৩৬ দশমিক ৭৮ শতাংশ পাস নিয়ে তালিকার সবার নিচে রয়েছে নড়াইল জেলা। এবছর সারা বোর্ডে মোট জিপিএ-৫ অর্জন করেছেন ৩ হাজার ২২৮ জন শিক্ষার্থী।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, যশোর বোর্ডের অধীন ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই এবছর পাস করতে পারেনি। এর মধ্যে সাতক্ষীরার এ কে ফজলুল হক এমসিএ কলেজ থেকে সর্বোচ্চ ৪৯ জন এবং নড়াইলের লোহাগড়ার মাকরাইল করিম খালেক সোলাইমান ইনস্টিটিউট থেকে ৪৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েও সবাই ফেল করেছে। এ ছাড়াও খুলনা, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া ও মেহেরপুরের আরও ১৪টি কলেজ ও স্কুল থেকে সামান্য সংখ্যক শিক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করতে পারেনি।

অন্যদিকে, শতভাগ পাসের গৌরব অর্জন করেছে মাত্র তিনটি প্রতিষ্ঠান। এগুলো হলো—ঝিনাইদহ ক্যাডেট কলেজ (৪৩ জন), খুলনার খালিশপুরের নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ (৬১ জন) এবং চুয়াডাঙ্গার ব্রাইট মডেল স্কুল অ্যান্ড কলেজ (২৩ জন)। প্রতিটি প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া সকল শিক্ষার্থী সফলতার সঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

এআইএল/সকালবেলা