গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ১৮ কারখানায় ছুটি ঘোষণা

প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ণ
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ১৮ কারখানায় ছুটি ঘোষণা

বিশেষ প্রতিনিধি (গাজীপুর): ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ফের বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এই আন্দোলনের মুখে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশপাশের অন্তত ১৮টি কারখানা সাময়িক ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ‘ইন্টারস্টপ’ কারখানার শ্রমিকেরা একত্রিত হয়ে এই বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকেরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তার ওপর ওভারটাইমের সুযোগও কমে গেছে। এ পরিস্থিতিতে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে তাঁরা দীর্ঘ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে টিফিনের বিরতির পর কাজে যোগ না দিয়ে ইন্টারস্টপ কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন এবং ময়লা-আবর্জনার বস্তা ফেলে সড়ক অবরোধ করেন। পরবর্তীতে পাশের ডিভাইন টেক্সটাইল কারখানার শ্রমিকেরাও তাঁদের সঙ্গে যোগ দিলে চন্দ্রা থেকে কোনাবাড়ী এলাকা পর্যন্ত অসন্তোষ ছড়িয়ে পড়ে। পরে নিরাপত্তার স্বার্থে ১৮ থেকে ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

খবর পেয়ে থানা-পুলিশ ও শিল্প পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে শ্রমিকেরা চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ী এলাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল পুরোপুরি ব্যাহত হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের মুখে চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত এলাকার ১৮টি কারখানা ছুটি দেওয়া হয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এআইএল/সকালবেলা