ভারতীয়রা মেঝে থেকে গরুর মূত্র চেটে খায়: ইসরায়েলি ধর্মপ্রচারক

প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ণ
ভারতীয়রা মেঝে থেকে গরুর মূত্র চেটে খায়: ইসরায়েলি ধর্মপ্রচারক

আন্তর্জাতিক ডেস্ক: হিন্দুধর্ম, গরুর পূজা এবং ভারতীয় চিকিৎসকদের নিয়ে চরম আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করে বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলি-আমেরিকান ধর্ম প্রচারক রবি ইয়োসি মিজরাচি। 

সম্প্রতি তাঁর একটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ভারত ও ইসরায়েলসহ বিভিন্ন দেশের সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নেটিজেন ও বিশিষ্ট ব্যক্তিরা তাঁকে একজন ‘বর্ণবাদী’ ও উগ্র মানসিকতার ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন।

ভাইরাল হওয়া ওই ভিডিও ক্লিপটিতে মিজরাচিকে ব্যঙ্গাত্মক সুরে বলতে শোনা যায়, ভারতে লোকজন নাকি গরুর পূজা করে এবং ঘরের মেঝেতে গরু প্রস্রাব করলে তা চেটে খায়। শুধু তাই নয়, চিকিৎসকরাও এ ধরনের আচার-পদ্ধতির সঙ্গে জড়িত বলে হাস্যকর দাবি করেন তিনি। এছাড়া নয়ডার বা দিল্লির রাস্তায় গরু বসে থাকার কারণে সৃষ্ট যানজট নিয়েও কটূক্তি করতে দেখা যায় তাঁকে। এমনকি এমন সংস্কৃতির বাইরে থাকার জন্য স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি অত্যন্ত অবমাননাকর মন্তব্য করেন।

মিজরাচির এই বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ভারতে বসবাসরত ইসরাইলি গবেষক ও লেখক ইশায়াহু রোসেনম্যান। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তি যেভাবে নষ্ট করছেন মিজরাচি, তা সত্যিই অগ্রহণযোগ্য। অতীতে যুক্তরাজ্যের মতো ইসরায়েলেও যেন তাঁর প্রবেশ নিষিদ্ধ করা হয়, সেই জোরালো দাবিও তুলেছেন এই গবেষক। পাশাপাশি, ফিলিস্তিনের রাষ্ট্রদূত আব্দুল্লাহ এম আবু শাওয়েশ নাম উল্লেখ না করে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, যারা অন্য ধর্মের অনুভূতির প্রতি উপহাস করে এবং ঐতিহ্যকে অপমান করে, তারা মানবজাতির পারস্পরিক সহাবস্থানের ভিত্তিকেই ধ্বংস করছে।

ইসরায়েলে জন্ম নেওয়া এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসকারী এই অর্থোডক্স ইহুদি প্রচারক ‘ডিভাইন ইনফরমেশন’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনা করেন। এর আগেও তাঁর বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক ও বিতর্কিত মন্তব্য করার দীর্ঘ ইতিহাস রয়েছে। ২০১৫ সালে তিনি দাবি করেছিলেন হলোকাস্টে (ইহুদি নিধনযজ্ঞ) ছয় লাখের কম মানুষ মারা গেছে, যা ঐতিহাসিক সত্যের সম্পূর্ণ পরিপন্থী ছিল এবং পরবর্তীতে তিনি ক্ষমা চাইতে বাধ্য হন। এছাড়া অটিজম ও ডাউন সিন্ড্রোমে আক্রান্ত শিশুদের নিয়ে তাঁর অবৈজ্ঞানিক মন্তব্য এবং মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণার কারণে অতীতে ১৬ জন অর্থোডক্স ইহুদি রবিও তাঁর কঠোর সমালোচনা করেছিলেন। ২০১৯ সালে যুক্তরাজ্যের একটি সফরেও তাঁর বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ হয়েছিল।

বিশ্লেষকদের মতে, ভারত ও ইসরায়েলের মধ্যকার দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্ক যখন প্রতিরক্ষা, প্রযুক্তি ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত সুদৃঢ় ও অনন্য উচ্চতায় পৌঁছেছে, ঠিক সেই মুহূর্তে মিজরাচির এই উগ্র ও সাম্প্রদায়িক মন্তব্য দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলার একটি উদ্দেশ্যপ্রণোদিত অপচেষ্টা মাত্র।

সূত্র: এনডিটিভি

এআইএল/সকালবেলা