পুলিশের আট উচ্চপদস্থ কর্মকর্তা স্থায়ীভাবে বরখাস্ত

প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ণ
পুলিশের আট উচ্চপদস্থ কর্মকর্তা স্থায়ীভাবে বরখাস্ত

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের ক্যাডারভুক্ত আটজন উচ্চপদস্থ কর্মকর্তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে দুইজন ডিআইজি, একজন অতিরিক্ত ডিআইজি, একজন সাবেক পুলিশ সুপার (এসপি) এবং তিনজন সহকারী পুলিশ সুপার (এসি/এএসপি) রয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করে তাঁদের এই চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিবি প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ, রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী, লক্ষ্মীপুরের সাবেক পুলিশ সুপার তারেক বিন রশীদ, ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের সাবেক সহকারী পুলিশ কমিশনার কাজী মিজানুর রহমান, ডিএমপির ট্রাফিকের সাবেক সহকারী পুলিশ কমিশনার ফারহানা তাসকিন এবং সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, বিভিন্ন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে এ শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে কাজী মিজানুর রহমানকে নারী সংক্রান্ত অনৈতিক সম্পর্কের অপরাধে এবং যশোরের সাবেক পুলিশ সুপার আনিসুর রহমানকে ‘ক্রসফায়ার’-এর নামে সাঈদুর রহমান নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

এআইএল/সকালবেলা