নিখোঁজ হওয়ার আগে নারীকে নিয়ে বারে যান তাহসিফ
বিশেষ প্রতিনিধি: সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন সিসিটিভি ফুটেজ প্রকাশ পেয়েছে। মৃত্যুর আগের রাতে উত্তরার একটি রেস্টুরেন্ট ও বারে বান্ধবী এবং জুনিয়র বন্ধু দীপের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা সময় কাটিয়েছিলেন তিনি। পরবর্তীতে বান্ধবীকে বাসায় পৌঁছে দিয়ে দীপকে সঙ্গে নিয়ে তিনি টঙ্গীর মাজার বস্তি এলাকায় যান। তবে তাহসিফ ওই এলাকা থেকে কীভাবে তুরাগ নদে গেলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
নতুন সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের 'নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বার'-এ মোটরসাইকেলে করে পৌঁছান তাহসিফ ও তাঁর বান্ধবী। এর কিছুক্ষণ পর আরেকটি মোটরসাইকেলে সেখানে আসেন দীপ। পরবর্তীতে তিনজনকে একসঙ্গে লিফটে উঠে রেস্টুরেন্টে প্রবেশ করতে দেখা যায়।
রেস্টুরেন্টের ভেতরের আরেক ফুটেজে দেখা যায়, প্রায় দেড় ঘণ্টা অবস্থানের পর রাত ১১টা ৫১ মিনিটে তাঁরা রেস্টুরেন্ট থেকে একসঙ্গে বের হয়ে যান।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, রেস্টুরেন্ট থেকে বের হয়ে তাহসিফের বান্ধবীকে তাঁর বাসায় পৌঁছে দেওয়া হয়। এর পর তাহসিফ ও দীপ টঙ্গীর মাজার বস্তি এলাকায় যান। ওই রাতে তাঁদের গতিবিধি ও ঘটনাপ্রবাহের সূত্র মেলাতে সিসিটিভি ফুটেজসহ নানা আলামত বিশ্লেষণ করছে পুলিশ।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসভবন থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরদিন ২৮ অক্টোবর উত্তরখান থানার রাজাবাড়ি ঘাট সংলগ্ন তুরাগ নদ থেকে তাঁর লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।
এআইএল/সকালবেলা