কুবিতে রসায়ন অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব অনুষ্ঠিত
বি এম ফয়সাল (কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি): কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশ রসায়ন সমিতির উদ্যোগে ‘১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড-২০২৭’-এর প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান অনুষদ ভবনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই অলিম্পিয়াডের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা অঞ্চলের বিভিন্ন উচ্চ মাধ্যমিক ও 'এ' লেভেলের শিক্ষার্থীরা অংশ নেন। পরবর্তীতে একই দিন দুপুর দুইটায় চূড়ান্ত ফলাফল প্রকাশ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৬তম রসায়ন অলিম্পিয়াডের কুমিল্লা অঞ্চলের আহ্বায়ক অধ্যাপক ড. এ. কে. এম. রায়হান উদ্দীন।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুবির রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. মিহির লাল ভৌমিক।
বক্তব্যে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন বলেন, "এই অলিম্পিয়াড কেবল প্রথম ২০ জন প্রতিযোগীকে পুরস্কৃত করার মাঝেই সীমাবদ্ধ নয়; এর পরিধি অনেক বিস্তৃত। রসায়নকে সর্বস্তরে জনপ্রিয় করা, এর ব্যবহারিক প্রয়োগ অনুধাবন করা এবং বিজ্ঞানের এই ধারাকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।"
তিনি আরও বলেন, "কুমিল্লা ঐতিহ্যগতভাবেই শিক্ষা ও মেধার চারণভূমি। আজকের প্রতিযোগিতায় এই অঞ্চলের শিক্ষার্থীরা তাদের অসাধারণ মেধার স্বাক্ষর রেখেছে।"
এআইএল/সকালবেলা