বৈঠার তালে ছুটছে নৌকা, সন্ধ্যা নদীতে উপচে পড়া ভিড়
সাঈদ পান্থ (বরিশাল): বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ, কাঁসির আওয়াজ আর মাঝিদের জয়ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদী। গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং তরুণ সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে আয়োজিত হয়েছে দ্বিতীয়বারের মতো ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগিতা।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে উজিরপুর উপজেলার শিকারপুর এলাকার সন্ধ্যা নদীতে বর্ণিল এই উৎসবের আয়োজন করে উপজেলা প্রশাসন ও বেসরকারি সংস্থা আভাস। এতে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ইউনেস্কো আর্থিক সহযোগিতা প্রদান করে।
বিকেল ৪টায় শিকারপুর বন্দর এলাকা থেকে প্রধান অতিথি হিসেবে এই নৌকা বাইচের উদ্বোধন করেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। উদ্বোধনের পর বিভিন্ন নামের সুবিশাল আটটি নৌকা নিয়ে মাঝিরা প্রতিযোগিতায় অংশ নেন। প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে মেজর এম. এ. জলিল সেতু (ইচলাদী ব্রিজ) পর্যন্ত এই বাইচ অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতাকে কেন্দ্র করে সন্ধ্যা নদীর দুই পাড়ে হাজার হাজার নারী-পুরুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। অনেকে ট্রলার ও ছোট নৌকা ভাড়া করে মাঝনদীতে অবস্থান নিয়ে রোমাঞ্চকর এই প্রতিযোগিতা উপভোগ করেন। বাইচ শেষে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলী সুজার সার্বিক ব্যবস্থাপনায় এবং বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এ. জে. এম. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয় জাদুঘরের কীপার আসমা ফেরদৌসি এবং আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল। আয়োজকরা জানান, যুবসমাজকে সুস্থ বিনোদনে যুক্ত রাখতে প্রতিবছর নিয়মিত এই উৎসবের আয়োজন করা হবে।
এআইএল/সকালবেলা