জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার
বিশেষ প্রতিনিধি, জামালপুর: জামালপুরের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৩২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে জামালপুর-৩৫ বিজিবি।
সোমবার (২ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান।
এর আগে রোববার (১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, জামালপুর-৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০৫৩ নম্বর সীমান্ত পিলারের কাছে গাছবাড়ি নামক স্থানে অভিযান পরিচালনা করেন দাঁতভাঙা বিওপির বিজিবির সদস্যরা।
অভিযানকালে তল্লাশি চালিয়ে ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯৮ হাজার টাকা।
জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারিও আরও বৃদ্ধি করা হয়েছে।
এআইএল/সকালবেলা