পোশাক শ্রমিক আন্দোলনের জেরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মূল মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান অসন্তোষ ও মহাসড়ক অবরোধের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। একই সাথে যেকোনো ধরনের ভাঙচুর ও সহিংসতা রুখতে কঠোর সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থানীয় নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) ভোর থেকেই নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল ও ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের বিভিন্ন কৌশলগত ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি, পুলিশ এবং বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মোতায়েন ও অবস্থান নিতে দেখা গেছে।
এর আগে গত সোমবার (২ নভেম্বর) ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মহাসড়ক সম্পূর্ণ অবরোধ করে রেখেছিলেন হাজার হাজার গার্মেন্ট শ্রমিক। আন্দোলনকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করায় উভয় পাশের তীব্র যানজটে পড়ে চরম দুর্ভোগ পোহাতে হয় হাজারো সাধারণ যাত্রী ও পথচারীদের।
উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির জানান, জেলার সামগ্রিক শান্তিশৃঙ্খলা রক্ষা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলাজুড়ে ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে জেলা পুলিশ, র্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সড়কে সার্বক্ষণিক টহল দিচ্ছেন।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী নিশ্চিত করেন, সকাল থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কোথাও যেনো নতুন করে সহিংসতা বা বিশৃঙ্খলা না ঘটে, সে লক্ষ্যে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের নেতৃত্বে ফতুল্লা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এমপি আবুল কালাম বলেন, “ডিসেম্বর মাসকে সামনে রেখে পরাজিত অপশক্তি ও গুপ্তচক্র শ্রমিকদের ঘাড়ে ভর দিয়ে দেশের শান্তিশৃঙ্খলা বিঘ্ন করার ছক কষছে। শ্রমিকদের দাবির সমাধান আলোচনার মাধ্যমেই সম্ভব। শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে যাতে কেউ জাতীয় সম্পদ বা কারখানা ভাঙচুর করতে না পারে, সেজন্য আমরা রাজপথে সতর্ক পাহারা দিচ্ছি।”