টেকনাফে মানবপাচার প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ: মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ণ
টেকনাফে মানবপাচার প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে দিনব্যাপী এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট পিপল স্মাগলিং অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং’-এর আওতায় এ কর্মশালার আয়োজন করে ব্র্যাকের ‘সেন্টার ফর সেফ মাইগ্রেশন’ (সিএসএম)। এতে অস্ট্রেলিয়ান সরকারের সহযোগিতায় ব্র্যাক ও স্থানীয় অংশীজনদের যৌথ উদ্যোগে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় বক্তারা সীমান্ত অঞ্চলের বর্তমান মানবপাচার পরিস্থিতি, অবৈধ উপায়ে সমুদ্রপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে গমনের ঝুঁকি, দালালের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হওয়ার চিত্র এবং এর আইনি প্রতিরোধ কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ব্র্যাকের অ্যান্টি-ট্রাফিকিং ক্যাম্পেইন মাইগ্রেশন প্রোগ্রাম ম্যানেজার শাহানাজ পারভীনের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী।

তিনি বলেন, “টেকনাফ একটি সীমান্তবর্তী ও অত্যন্ত সংবেদনশীল এলাকা হওয়ায় মানবপাচারকারীরা প্রতিনিয়ত সক্রিয় থাকার চেষ্টা করে। টেকনাফকে মানবপাচার ও চোরাচালান মুক্ত করতে হলে কেবল প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়; জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও স্থানীয় সাধারণ জনগণকে সচেতন হতে হবে। বিশেষ করে সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ যাত্রা রুখতে পাড়া-মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো রকম সন্দেহজনক গতিবিধি বা দালালের তৎপরতা দেখলে দ্রুত প্রশাসনকে অবহিত করার জন্য আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি।”

ব্র্যাকের ‘সেন্টার ফর সেফ মাইগ্রেশন’-এর দায়িত্বপ্রাপ্ত সেন্টার ম্যানেজার মো. আজিমুল হক বলেন, “দালালদের প্রলোভনে পড়ে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ উপায়ে চোরাপথে পাড়ি জমাচ্ছেন। আমরা ব্র্যাকের পক্ষ থেকে নিরাপদ অভিবাসন নিশ্চিত করার জন্য তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষকে সচেতন করার মাধ্যমে এই মরণফাঁদ থেকে রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য। মানবপাচার ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের এই সম্মিলিত ক্যাম্পেইন চলমান থাকবে।”

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা সমন্বয়ক অজিত নন্দী।

এ ছাড়া বক্তব্য রাখেন স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা। তাঁরা দালাল চক্র চিহ্নিত করে আইনি আওতায় আনার ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণের প্রত্যয় ব্যক্ত করেন।

দিনব্যাপী এ কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং ব্র্যাকের স্থানীয় মাঠ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। সভা শেষে মানবপাচার রোধে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এআইএল/সকালবেলা