মাগুরায় দুটি কলেজে এইচএসসিতে শতভাগ ফেল
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরায় সদ্য প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে হতাশাজনক চিত্র দেখা গেছে। জেলার ৩৫টি কলেজের মধ্যে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। এর মধ্যে একটি কলেজে টানা দুই বছর ধরে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এমন ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠান দুটি হলো মাগুরা সদর উপজেলার বুজরুক শ্রীকুণ্ডী মহাবিদ্যালয় এবং মহম্মদপুর উপজেলার গোপিনাথপুর এমকে স্কুল অ্যান্ড কলেজ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুজরুক শ্রীকুণ্ডী মহাবিদ্যালয়ে ১৯ জন শিক্ষক কর্মরত রয়েছেন। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন ১৫ জন শিক্ষার্থী। তবে তাদের কেউই উত্তীর্ণ হতে পারেননি। এর আগের বছর অর্থাৎ ২০২৫ সালেও প্রতিষ্ঠানটি থেকে ১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সেবারও পাস করতে পারেননি একজনও। ফলে টানা দুই বছর ধরে প্রতিষ্ঠানটিতে শতভাগ অকৃতকার্য হওয়ার ঘটনা ঘটেছে।
অন্যদিকে, মহম্মদপুর উপজেলার গোপিনাথপুর এমকে স্কুল অ্যান্ড কলেজেও দেখা গেছে হতাশাজনক ফলাফল। ছয়জন শিক্ষক দিয়ে পরিচালিত এ প্রতিষ্ঠান থেকে চলতি বছর মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া দুজন শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেননি।
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক থাকার পরও কেন এমন ফলাফল, শিক্ষার্থীদের পাঠদান ও নিয়মিত মূল্যায়ন কার্যক্রম কতটা কার্যকর ছিল—এসব প্রশ্ন সামনে এসেছে। বিশেষ করে টানা দুই বছর শতভাগ অকৃতকার্য হওয়ার ঘটনায় বুজরুক শ্রীকুণ্ডী মহাবিদ্যালয়ের শিক্ষার মান ও সার্বিক কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।
সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমন ফলাফলের কারণ অনুসন্ধান এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
এআইএল/সকালবেলা