ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত
প্রকাশ: সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ণ
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিশ্বরোড গোলচত্বরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি খসংঘর্ষে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতরা হলেন, ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি গ্রামের দুলাল মিয়ার ছেলে এজাজুল (২০) এবং নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামের শাহাদাত সরকারের ছেলে স্বাধীন (২০)।
আহতরা হলেন, নগরকান্দা উপজেলার জিয়াখুলি গ্রামের রহমান মাতুব্বরের ছেলে নাসিম মাতুব্বর (২০) এবং ভাঙ্গা পৌরসভার ভারইডাঙ্গা গ্রামের শওকত আলীর ছেলে রাজন (২১)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় সন্ধ্যায় দুটি মোটরসাইকেলে করে চার যুবক বিশ্বরোড গোলচত্বরে ঘুরতে আসেন। এ সময় তাঁরা দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। একপর্যায়ে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন এবং অপর দুই যুবক গুরুতর আহত হন।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি তৌহিদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে চার যুবকের মধ্যে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।