ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের হারানো টাকা ফেরত দিল পুলিশ

প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের হারানো টাকা ফেরত দিল পুলিশ

সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: মেয়ের বিয়ের কেনাকাটার জন্য সঞ্চিত টাকা নিয়ে বের হয়ে তা হারিয়ে ফেলা এক অসহায় বৃদ্ধের মুখে হাসি ফোটাল ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। কুড়িয়ে পাওয়া ৫০ হাজার টাকা যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে সততা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা।

গত ১৬ আগস্ট (রোববার) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের ব্যস্ততম কাউতলী মোড়ে দায়িত্ব পালনকালে রাস্তায় একটি টাকার বান্ডিল পান ট্রাফিক সার্জেন্ট রাসেলুর রহমান, সার্জেন্ট শাহদাত হোসেন ও তাঁদের সঙ্গীয় ফোর্স। সততার পরিচয় দিয়ে টাকাগুলো সাথে সাথেই নিজেদের নিরাপদ হেফাজতে নেন তাঁরা।

এর কিছুক্ষণ পরই কাঁদতে কাঁদতে সেখানে হাজির হন নবীনগর উপজেলার রসূলপুর এলাকার বাসিন্দা বৃদ্ধ মোঃ তাজুল ইসলাম (৬৫)। তিনি জানান, মেয়ের বিয়ের কেনাকাটা করতে শহরে এসে সিএনজি ভাড়া দেওয়ার সময় তাঁর লুঙ্গির কোঁচায় রাখা ৫০ হাজার টাকা কোথাও পড়ে গেছে।

পরবর্তীতে কর্তব্যরত পুলিশ সদস্যরা হারানো টাকার পরিমাণ ও নোটের বিবরণ মিলিয়ে দেখে নিশ্চিত হওয়ার পর উপস্থিত লোকজনের সামনে ৫০০ টাকার ১০০টি নোটের বান্ডিল (মোট ৫০,০০০ টাকা) বৃদ্ধের হাতে তুলে দেন।

হারিয়ে যাওয়া জমানো টাকা ফেরত পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তাজুল ইসলাম এবং পুলিশ সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা পুলিশের এই সততা ও মানবিক আচরণ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন