সরকারের ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ণ
সরকারের ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ সচিবালয়ে ব্রিফিংকালে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

অনলাইন প্রতিবেদক: বিগত ছয় মাস বা ১৮০ দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির গুরুত্বপূর্ণ সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য অফিসার/পরিচালক) ফয়সল হাসানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রিফিংয়ের বিষয়টি নিশ্চিত করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আইনশৃঙ্খলা নিয়ে চূড়ান্ত সন্তুষ্টির বিষয়টি দেশের সাধারণ জনগণই মূল্যায়ন করবে। তবে সরকারের পক্ষ থেকে দৃঢ়তার সঙ্গে বলা যায়, বিগত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতি হয়েছে। জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা অনুযায়ী এটিকে আরও সুসংহত ও শক্তিশালী করতে কিছুটা সময় প্রয়োজন।"

তিনি উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর মাত্র ৬ মাস অতিক্রম হলেও এর মধ্যেই সরকার একাধিক গুরুত্বপূর্ণ সংস্কার কাজ সম্পাদন করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর নানা প্রশংসনীয় ভূমিকা দৃশ্যমান হয়েছে। প্রথম ১৮০ দিনে প্রধানমন্ত্রী ঘোষিত রূপরেখার আলোকেই নানামুখী জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। বিশ্বব্যাপী ও অভ্যন্তরীণ নানা সংকট সত্ত্বেও সরকার অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে পরিস্থিতি সামলে নিয়েছে।

জ্বালানি খাতের সংকট তুলে ধরে মন্ত্রী জানান, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও সরকার তাৎক্ষণিকভাবে দেশে জ্বালানি তেলের দাম বাড়ায়নি। বোরো মৌসুমে কৃষকদের স্বার্থ সুরক্ষায় মূল্য বৃদ্ধি স্থগিত রেখে পরবর্তীতে সহনীয় মাত্রায় সমন্বয় করা হয়েছে। একই সঙ্গে জ্বালানি সংকট নিরসনে নতুন অনুসন্ধান এবং মাতারবাড়ীতে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল ও একাধিক এফএসআরইউ স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে।

সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক পদক্ষেপ প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত অনুমোদিত ও বাস্তবায়িত হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদান এবং ধর্মীয় কর্মকর্তা, ইমাম-মুয়াজ্জিনদের জন্য মাসিক সম্মানীর ব্যবস্থা করা হয়েছে।

জাতীয় প্রকিউরমেন্ট কমিটির প্রধান হিসেবে তিনি আরও জানান, সরকারের সঠিক ও সময়োপযোগী নীতির কারণে দেশে খাদ্যের একটি মজবুত ও নিরাপদ মজুত গড়ে তোলা সম্ভব হয়েছে। সরকারের ১৮০ দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের অর্জিত সামগ্রিক অগ্রগতির সমন্বিত বিবরণী শিগগিরই আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে প্রকাশ করা হবে।

মন্তব্য করুন