দিনমজুরের ছেলের পড়ার দায়িত্ব নিলেন এমপি বাবুল
মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ছেলের পড়াশোনার খরচ চালাতে দিনমজুর বাবার সংগ্রামের কথা শুনে মেধাবী শিক্ষার্থী মাসুম মুন্নার শিক্ষাজীবনের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির জলবায়ুবিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।
রোববার (১৬ আগস্ট) দুপুরে জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে নবীন শিক্ষার্থী ও অভিভাবকদের পরিচয়পর্ব অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
অনুষ্ঠানে নওগাঁর নিয়ামতপুরের দিনমজুর মো. রেজাউল জানান, তাঁর ছেলে মাসুম মুন্না কলেজটির ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং (ওয়াইএমই) বিভাগে প্রথম বর্ষে ভর্তি হয়েছেন। দিনমজুরি করে সংসার চালানোর পাশাপাশি চরম অভাবের মধ্যেও তিনি ছেলের পড়াশোনা চালিয়ে নিচ্ছেন।
তাঁর এমন আকুতি শুনে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল তাৎক্ষণিকভাবে শিক্ষার্থী মাসুম মুন্নাকে তাঁর ঐচ্ছিক তহবিল থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীর হল ফি শতভাগ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করে।
এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, "মেধাবী শিক্ষার্থী যেন অর্থের অভাবে পিছিয়ে না পড়ে, তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমি অভিভাবককে বলেছি, নিশ্চিন্তে ছেলেকে আমার কাছে রেখে যান, তার শিক্ষাজীবনে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।"
সহায়তা পেয়ে আবেগাপ্লুত মাসুম মুন্না মনোযোগ দিয়ে পড়াশোনা করে দক্ষ টেক্সটাইল প্রকৌশলী হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এআইএল/সকালবেলা
|