সৈয়দপুরে ৫৩ জন উপ-সহকারী প্রকৌশলীকে বরণ

প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ণ
সৈয়দপুরে ৫৩ জন উপ-সহকারী প্রকৌশলীকে বরণ

মোঃ মাইনুল হক, নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশ রেলওয়েতে সদ্য যোগদান করা ৫৩ জন নবাগত উপ-সহকারী প্রকৌশলীকে বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, সৈয়দপুর শাখা।

রোববার (১৬ আগস্ট) রাতে সৈয়দপুরের মর্তুজা ইনস্টিটিউট হলরুমে এই বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর সাদেক হাসান চৌধুরী।

রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, সৈয়দপুর শাখার সভাপতি মোঃ রুহুল আমিন (রুবেল)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগত ৫৩ জন প্রকৌশলীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউডিবির উপদেষ্টা মোঃ মোনায়মুল হক, সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) তহিদুল ইসলাম, শাহাজাহান মোল্লা ও আজিজুল ইসলামসহ অনেকে।

বক্তারা বাংলাদেশ রেলওয়ের চলমান উন্নয়ন, আধুনিকায়ন এবং যাত্রীসেবার মানোন্নয়নে প্রকৌশলীদের দায়িত্বের ওপর আলোকপাত করেন। একই সঙ্গে নবাগতদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন