একটু ধাক্কা লাগলেই আমরা অতলে তলিয়ে যাবো: স্বাস্থ্য উপদেষ্টা

একটু ধাক্কা লাগলেই আমরা অতলে তলিয়ে যাবো: স্বাস্থ্য উপদেষ্টা

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, আমাদের দেশের মেধাবী সন্তানরা কর্মসংস্থানের অভাবে বিদেশে পাড়ি জমাচ্ছে এবং অনেক সময় তারা লাশ হয়ে ফিরে আসছে। আমরা আমাদের সন্তানদের নিজের দেশেই নিরাপদ ও সসম্মানে রাখতে চাই। আর তাদের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য দেশ উপহার দিতে হলে বর্তমান সংকট উত্তরণ জরুরি। আমরা এখন খাদের কিনারায় চলে আসছি, একটু ধাক্কা লাগলেই আমরা অতলে তলিয়ে যাবো। 

সোমবার (১৯ জানুয়ারি) সিরাজগঞ্জের জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে নূরজাহান বেগম আসন্ন গণভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, আপনারা যদি অন্য কোনো নির্বাচনে প্রার্থী হতেন, তবে পরিচিত সবার কাছে ভোট চাইতেন। রাষ্ট্রের স্থিতিশীলতা ও সংস্কারের প্রয়োজনে এই গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের জন্য আমাদের একইভাবে সাধারণ মানুষের কাছে যেতে হবে এবং তাদের বোঝাতে হবে। ‘হ্যাঁ’ এর পক্ষে যত বেশি জনমত ও ভোট সংগ্রহ করা সম্ভব হবে, রাষ্ট্রের সংস্কার কাজ তত বেশি গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি আমরা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে না পারি, তবে চাঁদাবাজি ও বিচারহীনতার সংস্কৃতি আবারও জেঁকে বসবে। বাড়ি নির্মাণ থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য ও যানবাহন চলাচলের ক্ষেত্রে সাধারণ মানুষ চাঁদাবাজদের হাতে জিম্মি হয়ে পড়বে।

দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে উপদেষ্টা বলেন, স্বাস্থ্যসেবা নিয়ে সাধারণ মানুষের অনেক অভিযোগ রয়েছে। গত দেড় বছরে এই খাতের প্রতিটি সেক্টর থেকেই নানা অব্যবস্থাপনার তথ্য আমরা পেয়েছি। তবে এটিও সত্য যে, করোনাকালীন সংকটে এই ডাক্তার ও নার্সরাই জীবন বাজি রেখে সেবা দিয়েছেন। সমস্যা মূলত আমাদের সিস্টেমে, তাই বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে আমরা কাজ করছি। সিস্টেম পরিবর্তন করতে পারলে সাধারণ মানুষের ভোগান্তি কমে আসবে এবং সেবার মান নিশ্চিত হবে।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, জেলা সিভিল সার্জন নুরুল আমিন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে উপদেষ্টা জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন