ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
হাবিবুর রহমান, শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা মহাসড়কে বিজিবি’র এক বিশেষ অভিযানে প্রায় ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের ডায়মন্ড (হীরক) ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ সুজাউদ্দিন (৫২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় একটি টহল দল অবস্থান নেয়। সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তাঁর কাছ থেকে প্রায় ১৫৫.৭৬ গ্রাম ওজনের ডায়মন্ড উদ্ধার করা হয়। আটক সুজাউদ্দিন ভারতের তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি ঢাকা থেকে এই ডায়মন্ড সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে কলকাতায় পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। বিজিবি আরও জানায়, গত এক মাসে তিনি থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতে একাধিকবার যাতায়াত করেছেন, যা তাঁকে একজন পেশাদার আন্তর্জাতিক চোরাকারবারি হিসেবে চিহ্নিত করে।
যশোরের 'ডায়মন্ড ওয়ার্ল্ড'-এর প্রতিনিধিরা পুলিশের উপস্থিতিতে পরীক্ষা করে উদ্ধারকৃত পাথরগুলো আসল ডায়মন্ড হিসেবে শনাক্ত করেন। জব্দকৃত মালামালের বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো:
ডায়মন্ডের মূল্য: ৬ কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৫৯০ টাকা।
অন্যান্য: বাংলাদেশি টাকা, ভারতীয় রুপি, মার্কিন ডলার, থাই বাথ, মোবাইল ফোন ও ডিজিটাল ঘড়ি।
মোট মূল্য: প্রায় ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ডায়মন্ডসহ সকল ধরনের অবৈধ পণ্য পাচার রোধে আমাদের এই কঠোর নজরদারি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাঁকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত মূল্যবান ডায়মন্ড ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ